ফের উত্তপ্ত টিটাগড়
দি নিউজ লায়নঃ ফের উত্তপ্ত হয়ে উঠলো উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের টিটাগড়। বুধবার রাতে টিটাগড় বাজারে চললো গুলি। অভিযোগ উঠেছে এক বিজেপি সমর্থককে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতীরা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দুস্কৃতীরা তৃণমূল আশ্রিত। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আহত ব্যাক্তির নাম মধুরাম। তিনি পেশায় একজন দর্জি। এদিন রাতে টিটাগড় বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আচমকাই দুস্কৃতীরা তার পেট লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তার পাঁজরের নীচে।
এরপরেই দোকানের সামনে রাস্তায় লুটিয়ে পড়েন মধুরাম। গুলির আওয়াজ পেয়ে স্থানীয় দোকানদাররা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিতসাধীন তিনি। জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যাবসায়ী মধুরাম টিটাগড়ের প্রয়াত বিজেপি নেতা মণীষ শুক্লার ঘনিষ্ঠ ছিলেন। তাঁর দোকান থেকেই মণীষ শুক্লা জামা কাপড় বানাতেন বলেও জানা গিয়েছে।
ফলে মণীষের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণেই কি তাঁকে খুনের চেষ্টা? নাকি ভোটের আগে টিটাগড়ে ফের দুস্কৃতী রাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই হামলা? যদিও এই ঘটনায় ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা দাবি করেছেন, বুধবার টিটাগড়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তিনি ফিরে যাওয়ার পরেই রাত সাড়ে আটটা নাগাদ মধুরামের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় তৃণমূলের গুন্ডা বাহিনীই হামলা চালিয়েছে বলে সাফ অভিযোগ তাঁর। ফলে ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে ব্যারাকপুর।

Post a Comment